কাপাসিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম
কাপাসিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
গাজীপুরের কাপাসিয়ায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু ছাঈমের পরিচালনায় মূল আলোচনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান মারুফ। আলোচনায় প্রধান আলোচক বলেন, কেবলমাত্র যাকাত ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে প্রকৃতপক্ষে দারিদ্র্য বিমোচন সম্ভব। বাংলাদেশ সরকার যাকাত বোর্ডের মাধ্যমে সারাদেশ থেকে সরকারিভাবে ধনী মুসলমানদের কাছ থেকে যাকাত তহবিলে যাকাত সংগ্রহ করে নিঃস্ব ও যাকাত পাওয়ার উপযুক্ত লোকদের মধ্যে যাকাত বিতরণের কাজে নিয়োজিত রয়েছে। তিনি উপস্থিত আলেম-ওলামা, ইমাম, খতিবদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধনী মুসলমানদের সরকারি যাকাত তহবিলে যাকাত জমা দানের জন্য উৎসাহিত করবেন । সরকারিভাবে যাকাত প্রদান করা হলে ব্যক্তি পর্যায়ে যাকাত গ্রহীতার -- যাকাত দাতার প্রতি যে দুর্বলতা এবং সহানুভূতির সৃষ্টি হয় এটি থাকবে না। সেমিনারে কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সাংবাদিক মনজুরুল হক গাজী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আলী হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন, সাধারণ কেয়ারটেকার হাফেজ মুস্তাফিজুর রহমানসহ কাপাসিয়ার বিভিন্ন মসজিদের ইমাম খতিবগণ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে