স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে শোভাযাত্রাটি 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার শুরুতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম এ হাসেম চৌধুরী, গাজীপুর জজকোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী, বিএনপির সিনিয়র নেতা আব্দুল করিম বেপারী, আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীরা স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম। স্বাধীনতার এই দিনে, জিয়া তোমায় পড়ে মনে সহ বিভিন্ন শ্লোগান দিয়ে সদর সড়ক প্রদক্ষিণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন করা হবে। জামায়াতে ইসলামী জাতীয় সংসদে বিরোধী দলীয় আসনে বসে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে। তারা দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী অপশক্তি। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। আগামী দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।