দিনাজপুরের ঘোড়াঘাট রানীগন্জ বাজার থেকে বিন্নাগাড়ী সড়কটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে। দেখা যায়, সামান্য বৃষ্টিতেই বিন্যাগাড়ী সড়কের বিশাল অংশ নর্দমার পানিতে সয়লাব হয়ে যায়। এই সড়কটি দিয়েই করতোয়া নদী সংলগ্ন চর এলাকার কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি ও কৃষি পণ্য রানিগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু রাস্তার বেহাল দশায় পণ্যবাহী ভ্যান ও যাত্রীবাহী যান চলাচল গুলো কর্দমাক্ত পানিতে আটকে বিকল হয়ে যাচ্ছে। সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে এবং যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন তাদের পোশাক ও বই-খাতা নষ্ট হচ্ছে। কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ওই এলাকার আহসান হাবীব বলেন, “ভাই, এই রাস্তা দিয়ে চলাচল করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই ভ্যান চলে না, ফসল নিয়ে বাজারে যেতে পারি না। আমরা খুব কষ্টের মধ্যে আছি।” স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের বিষয়ে বারবার তাগিদ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকাটি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিচ্ছে। এলাকাবাসীর দাবি, কৃষকদের স্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটি উঁচু করে সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের জন্য টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।