পীরগাছায় ভোর রাতের অগ্নিকান্ডে ৩ পরিবারের সম্বল

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৬:৫৪ পিএম
পীরগাছায় ভোর রাতের অগ্নিকান্ডে ৩ পরিবারের সম্বল

রংপুরের পীরগাছায় ভোর রাতের অগ্নিকান্ডে ৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে সাজানো সংসার। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের পবিত্রঝাড় হাজিপাড়া গ্রামে এ অগ্নিকান্ড ঘটে। এতে করে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ড হওয়া বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতারা এবং ইউপি চেয়ারম্যান। 

জানা গেছে, ভোর ৫ টার দিকে হঠাৎ এক অগ্নিকান্ডে ওই গ্রামের শফিকুল ইসলাম, সাইদুর রহমান ও সবুর ইসলামের বাড়ি ভূষ্মিভূত হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ভূল সড়কে তাদের গাড়ি ঢুকে গাড়ির চাকা দেবে গিয়ে আটকে যায়। ফলে এলাকাবাসী অনেক চেষ্টা করেও আর আগুন নিভাতে পারেনি। এতে করে তিন পরিবারের তিনটি বসত ঘর, নগদ টাকা, ধান-চাল, স্বর্ণালংকার, একটি মোটর সাইকেল, ২০টি ছাগল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।  

স্থানীয়রা জানান, ভোর বেলা সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে কি থেকে আগুন ধরেছে কেউ বলতে পারছে না। তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই তারা ফায়ার সার্ভিসে ফোন দিলেও সাড়া পাননি। ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কিছুই বাঁচানো যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারিক হাসান তাহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, এনসিপির উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা তিন পরিবারের মাঝে ব্যক্তিগত ভাবে শুকনা খাবার ও পরিধেয় কাপড় প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেয়া হয়।এ ব্যাপারে পীরগাছা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল আমিন বলেন, খবর পেয়ে গাড়ি যাওয়ার সময় চাকা দেবে গিয়ে ফেসে যায়। পড়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের কথা জানালে আমরা ফিরে আসি।

আপনার জেলার সংবাদ পড়তে