সিলেট রেঞ্জে পুলিশের শীর্ষ নেতৃত্বে নতুন পরিবর্তন এসেছে। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সিলেট রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো: জিল্লুর রহমান। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ড. মো: জিল্লুর রহমান এর আগে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর কর্মজীবনে প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার জন্য তিনি পরিচিত।
অন্যদিকে, সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমান-কে বদলি করে পুলিশ অধিদপ্তর-এ সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবেই ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. জিল্লুর রহমানকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।