সৈয়দপুরে বৈশাখে আষাঢ়ের ছোঁয়া, ঝড়ো বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০২:০১ পিএম
সৈয়দপুরে বৈশাখে আষাঢ়ের ছোঁয়া, ঝড়ো বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ঋতুর হিসাব যেন উল্টে গেছে সৈয়দপুরে। বাংলা বছরের দ্বিতীয় মাস বৈশাখ চললেও প্রকৃতিতে দেখা মিলছে আষাঢ়ের রূপ। আজ সারাদিন ধরে টানা ঝড়ো বৃষ্টি আর হালকা হাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি, যা ধীরে ধীরে রূপ নেয় ভারী বর্ষণে। সঙ্গে যুক্ত হয় হালকা হাওয়া। শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। অনেক স্থানে নালা-নর্দমা উপচে পড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ হয়ে নিয়ামতপুর সরকার পাড়ার রাস্তার করুণ অবস্থা। এছাড়াও মুন্সিপাড়ার বেশ কয়েকটি সড়কের বেহাল অবস্থা।  কাদা পানি একাকার। এমনি অবস্থা নিয়ামতপুর চামড়া গুদাম হয়ে খালেক পাম্প যাওয়া সড়কটি।

এই আকস্মিক আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে বের হলেও বৃষ্টির কারণে অনেকে ফিরে যেতে বাধ্য হন। বাজারগুলোতেও দেখা যায় ক্রেতার উপস্থিতি কমে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈশাখ মাসে এমন টানা বৃষ্টি তাদের জন্য অস্বাভাবিক। কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, মৌসুমি বায়ুর আগাম প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন অস্বাভাবিক আবহাওয়া দেখা দিতে পারে। তারা আরও জানান, কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

হঠাৎ এই বৈশাখী বৃষ্টিতে প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। এখন সকলের দৃষ্টি আকাশের দিকে কখন থামবে এই অকাল বর্ষণ।

আপনার জেলার সংবাদ পড়তে