কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীর কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর কক্ষে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায় অংশ নেন তিনি। তিনি হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্রের উত্তর মিলানোর সময় তিনি বুঝতে পারেন, তাকে নিয়মিত পরীক্ষার্থীদের পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব তাকে আগামী রোববার (১০ মে) কেন্দ্রে এসে দেখা করতে বলেন।
শিক্ষার্থী মালেক মিয়া আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করার আশ্বাস দিয়েছেন। তবুও অনিশ্চয়তার কারণে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থী সরাসরি আমাকে জানায়নি। পরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কেন্দ্র সচিব যৌথভাবে শিক্ষা বোর্ডে সুপারিশ করলে পরীক্ষাটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে।”