দিনাজপুরের বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা সেবনকারী যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
শনিবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় উত্তর সুজালপুর গ্রামের মৃত আলমাস আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩০), একই এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মো: নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মৃত: নুর ইসলামের ছেলে মোঃ রুবেল ইসলাম মামুন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপর দিকে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে। নিয়মিত মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল, শাওন কুমার সরকার এবং অফিসার ইনচাজ সাইফুল ইসলাম । এ ব্যাপারে ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তথা জিরো টলারেন্স। মাদক খোর কিংবা বিক্রেতা যেই হোক, কোন নিস্তার নেই।