কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি এসএসসি সমমান পরীক্ষা দিতে এসে অটোরিকশা উল্টে ৬ এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১০ মে) সকাল ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগারহাট কলমদারটারী জামে মসজিদ সংলগ্ন ফুলবাড়ী টু নাগেশ্বরী সড়কে। আহত শিক্ষার্থীদের শরীরে আটোরিকশার ব্যাটারী এসিড পড়াসহ শিক্ষার্থীরা হাত, পায়ে ও মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। আহত পরীক্ষার্থীরা হলেন- কাশিপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় শাহিনুর আলমের ছেলে সাদমান, একই বিদ্যালয়ের পরীক্ষার্থী ও স্থানীয় বজর আলীর ছেলে রেজাউল করিম, জহুরুল হকের ছেলে পরীক্ষার্থী একরামুল হক, স্থানীয় তোয়ারা বেগমের মেয়ে পরীক্ষার্থী ইসরাত জাহান। আরও গুরুতর আহত হয়েছেন স্থানীয় দুলাল মিয়ার ছেলে ও খোঁচাবাড়ী মোস্তাকীয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শান্ত সরকার ও বোয়ালভীর বিএম কলেজে স্কুল শাখার কারিগরী বিভাগের এসএসসি পরীক্ষার্থী রোকসানা খাতুন।
জানা গেছে, রোববার সকাল ৯ টার দিকে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য কাশিপুর এলাকা থেকে অটোরিকশা যোগে ৬ পরীক্ষার্থী রহনা হন। তারা গংগারহাট কলমদারটারী জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছিলে একটি ছাগল আটোরিকশা সামনে আসে। ছাগলটিকে বাঁচাতে আটো রিকশা চালক রিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে গুরুতর আহত হন আটোরিকশার যাত্রী ৬ পরীক্ষার্থী। পরে আহত পরীক্ষার্থীদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময়ে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) কেন্দ্রে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আহত পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীণ সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও সার্বক্ষণিক নজরদারী করেন। এ ব্যাপারে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব রাহিবুল ইসলাম জানান, আহত পরীক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষা কেন্দ্রের ভিতরে ৩ জন মেডিকেল অফিসার তাদের চিকিৎসা প্রদান ও খোঁজখবর নেয়।