সৈয়দপুরে কর্তৃপক্ষের নিরবতায় বাড়ছে রেলওয়ের জমি দখল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৪:৩৯ পিএম
সৈয়দপুরে কর্তৃপক্ষের নিরবতায় বাড়ছে রেলওয়ের জমি দখল

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ভাগার এলাকায় বাংলাদেশ রেলওয়ের মূল্যবান জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একের পর এক টিনশেড ঘর, দোকানপাট ও অস্থায়ী ভবন নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাগার এলাকার রেলওয়ের পরিত্যক্ত ও খালি জমি দখলের চেষ্টা চলছিল। সম্প্রতি কয়েকজন ব্যক্তি রাতারাতি সেখানে বাঁশ, টিন ও ইটের গাঁথুনির মাধ্যমে স্থাপনা নির্মাণ শুরু করেন। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন।

এলাকাবাসীর দাবি, রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও বাধার সৃষ্টি হতে পারে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকাজুড়ে স্থায়ী অবৈধ বসতি গড়ে উঠবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,দিনের পর দিন দখল চলছে। সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। রেলওয়ে প্রশাসন কঠোর হলে কেউ সাহস পেত না। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা জরুরি। অন্যথায় সরকারি জমি বেদখল হয়ে পড়বে। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ের এক কর্মকর্তা বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন-শুধু আশ্বাসে কি রক্ষা পাবে রেলওয়ের জমি, নাকি বাস্তব পদক্ষেপও দেখা যাবে।  রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের কানোঙ্গো জমিগুলো দেখভাল করার কথা থাকলেও তিনি নিরব। তাছাড়া তিনি অবস্থান করেন পার্বতীপুর অফিসে।

আপনার জেলার সংবাদ পড়তে