আটোয়ারীতে সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৬:৫৩ পিএম
আটোয়ারীতে সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি

পঞ্চগড়ের আটোয়ারীতে 'দৈনিক কালবেলা'র উপজেলা প্রতিনিধি ও আটোয়ারী প্রেসক্লাবের কনিষ্ঠ্য সদস্য সাংবাদিক সালাম মুর্শেদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শনিবার (০৯ মে) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, সমপ্রতি আটোয়ারী উপজেলার নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদ্যালয় ঘেরাও বিষয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম ওই সাংবাদিককে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেন। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনে নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই প্রধান শিক্ষকের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার করেন।


এরই ধারাবাহিকতায় গত ০৮ মে রাতে দবিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোন দিয়ে সালাম মুর্শেদীকে কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। যার একটি অডিও কল রেকর্ড রয়েছে। এসময় ওই প্রধান শিক্ষক বলেন, সালাম মুর্শেদী কেন তার বিরুদ্ধে নিউজ করেছে? তিনি বলেন সালাম মুর্শেদীর বিরুদ্ধে নাকি কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও কালবেলার প্রতিনিধির বিরুদ্ধে দশ লক্ষ টাকার মানহানি মামলা করারও হুমকি প্রদান করেন এবং পত্রিকার সম্পাদককে দিয়ে তার চাকরি শেষ করে ফেলবেন। তিনি আরো বলেন, সালাম মুর্শেদী নাকি বেশি বেড়ে গিয়েছে, তাকে শায়েস্তা করতে হবে, থামাতে হবে এবং শেষ করে ফেলতে হবে বলে হুমকি প্রদর্শন করেন। ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি পেশাদারিত্বের সাথে ওই প্রধান শিক্ষকের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্য নির্ভর সংবাদ প্রচার করেছেন। কিন্তু সংবাদ প্রকাশের পর তাকে ফোন কলে হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাজনিত আশঙ্কা সহ আইনি সুরক্ষা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক দবিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আটোয়ারী প্রেসক্লাব সহ স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে