ভূরুঙ্গামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে মানববন্ধন

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৪:৪৩ পিএম
ভূরুঙ্গামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে  মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকালে উপজেলা কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা। কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বেতন বৈষম্য দূরীকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, ভাতা ও কর্মঘণ্টা নির্ধারণ এবং পেশাগত স্বীকৃতি দিতে হবে। ফারিয়ার ভূরুঙ্গামারী শাখার সদস্য নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সদস্য জাহিদুল ইসলাম ও লাল মিয়া, উপজেলা সদস্য মোহসিন আলী, শরিফুল ইসলাম, শাফিউল ইসলাম, আবু হানিফ ও আল আমিন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তা ও দুর্ব্যবহার করা হয়েছে, যা অপমানজনক। তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাঁদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।
আপনার জেলার সংবাদ পড়তে