“সবার জন্য কুরবানি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় কুরবানির মাংস। বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার শলুয়া ও সরদহ ইউনিয়নের কয়েকটি গ্রামে ঈদুল আযহার দিন সকাল থেকে শুরু হয় কুরবানির কার্যক্রম। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় পশু জবাই, মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজ সম্পন্ন করা হয়। পরে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব মাংস বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ঈদের কয়েকদিন আগে থেকেই প্রকৃত অসচ্ছল পরিবারের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়। যাতে কোনো পরিবার বাদ না পড়ে, সে বিষয়েও নজর রাখা হয়। মাংস নিতে আসা এক উপকারভোগী জানান, আগে প্রতিবছর শরীকের মাধ্যমে কুরবানি দেওয়া হলেও গত কয়েক বছর আর তা সম্ভব হয়নি। অর্থাভাবে পরিবার নিয়ে কুরবানির আনন্দ থেকে বঞ্চিত ছিলেন তিনি। হঠাৎ বাড়িতে কুরবানির মাংস পৌঁছে দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয় প্রতিনিধি শিমুল ইসলাম বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশন সারা দেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চারঘাটের কয়েকটি এলাকায় গরু ও খাসি কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে স্বেচ্ছাসেবকরাও আনন্দ অনুভব করছেন।