“একবারে ভঙ্গুর একটি দেশকে দাঁড় করানোর জন্য আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা একটি নতুন মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বুকে হাত দিয়ে বলতে পারি- ‘দিস ইজ মাই কান্ট্রি, এটা আমার বাংলাদেশ।’” মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাতে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনারা পাশে থাকলে খুব শিগগিরই ঈশ্বরদী বিমানবন্দর চালু হবে- ইনশাল্লাহ। নির্বাচনের সময় লালপুর-বাগাতিপাড়াবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার চেয়েও দশগুণ বেশি কাজ করবো।” সমাজের অবক্ষয় রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শিশু ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে পারলে এসব অপরাধ অনেকাংশে কমে আসবে। মঙ্গলবার (২৬ মে) থেকে আজিমনগর রেলস্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে স্বপরিবারে যাত্রী হয়ে আজিমনগর স্টেশনে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। স্থানীয়দের কাছে এটি শুধু একটি ট্রেনের স্টপেজ নয়, বরং আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের অর্জন। একসময় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটল লালপুরবাসীর জন্য লালমনি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করেছিলেন। এবার তাঁরই কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এনে দিলেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র উচ্চারিত হচ্ছে আবেগঘন সেই বাক্য- “বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিলেন চিলাহাটি এক্সপ্রেস।”
স্থানীয়দের মতে, আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হওয়ায় লালপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সময় ও ভোগান্তি- দুইই কমবে। গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হারুনার রশিদ পাপ্পু সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফজলুর রহমান পটল লালপুর-বাগাতিপাড়া এলাকার উন্নয়ন, আজিমনগর রেলওয়ে স্টেশন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ স্টেডিয়াম, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা এবং রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তাঁর কন্যাও এ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস সকাল ৬টায় যাত্রা শুরু করে আজিমনগর রেলস্টেশনে সকাল ১০টা ২৮ মিনিটে পৌঁছাবে এবং ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে বিকেল ৫টায় ছেড়ে আসা ট্রেনটি রাত ৯টা ১ মিনিটে আজিমনগর স্টেশনে পৌঁছে ৯টা ৩ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে।