ঈদ-উল আজহার প্রথমদিন কোরবানির ব্যস্ততা শেষে দ্বিতীয়দিনে শুক্রবার পরিবার-পরিজন নিয়ে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই ছিলোনা। বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া মানুষের ঢল।
শুক্রবার বিকেল থেকেই নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পাড়, বেলস পার্ক, প্লানেট ওয়ার্ল্ড, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও সিটি পার্কসহ বিভিন্নস্থানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর পেয়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে। নগরীর প্লানেট ওয়ার্ল্ডের সামনে শিশু ও অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা সাইফুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বানারীপাড়ায় বাড়িতে এসেছি। স্ত্রী ও সন্তানকে নিয়ে প্লানেট ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। ছেলে খেলনা ঘোড়ায় চরেছে, এখন প্লেনে উঠবে। আমরা বেশ আনন্দ করেছি। নগরীর আলেকান্দা এলাকার বাসিন্দা সুমাইয়া মুমু বলেন, ঈদের প্রথমদিন পরিবারের কাজকর্ম ছিলো। তাই দ্বিতীয়দিন বেলস পার্কে ঘুরতে এসেছি। ভেবেছিলাম আগামীকাল থেকে বেশি ভিড় হবে কিন্তু আজকেই অনেক মানুষ এসেছে। জনতা ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম হোসেন জানান, সকালে পশু কোরবানি দিয়ে দিনভর ব্যস্ত ছিলেন। তাই শুক্রবার সন্তানদের আবদারের কারণে কীর্তনখোলা নদীর পাড়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ছোট ভাই-বোনও সঙ্গে এসেছে। এখানে নাশতা করে পরে প্লানেট ওয়ার্ল্ডে যাব। সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডে তুলে বাসায় ফিরবো। অপরদিকে ঈদ উপলক্ষে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, প্রতিটি বিনোদন কেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।