চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর আহম্মদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে ফেস্টিভ্যাল সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে। ঈদের তৃতীয়দিন শনিবার দিনব্যাপী ওই প্রতিষ্ঠান মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জার্সি উন্মোচন ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সকল ব্যাচের অংশ গ্রহণে এবি মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর শহর প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এছাড়া দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিয়ান ফেস্টিভ্যাল সিজন -৪ এর আহবায়ক আহসানউল্লাহ সোহেল। শোভাযাত্রা ও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিউল এলাহী সাগর, নাহিদ ইসলাম, জাহাঙ্গীর হোসেন বাবলু, নুরুজ্জামান বাবু, মেহেদি হাসান, জাফর আলী টুটুলসহ অনেক নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা । দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়ে সন্ধ্যার পর সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় এসএসসি ২০১১ ব্যাচ - ২০০৯ ব্যাচকে ২ -১ গোলে পরাজিত করে জয়লাভ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।