দৌলতপুর সীমান্তে ভারতীয় ককটেলসহ আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৭:০১ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় ককটেলসহ আটক ১

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সীমান্তে পরিচালিত এক বিশেষ অভিযানে ককটেলসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুন ২০২৬ শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মৃত আজিত মন্ডলের পুত্র মোঃ মহিবুল মন্ডল (৫০) কে ৩টি ককটেল সহ আটক করা হয়। উদ্ধারকৃত ককটেল গুলোর আনুমানিক সিজার মূল্য ত্রিশ হাজার টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে উদ্ধারকৃত ৩টি ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার অবৈধ কার্যক্রম, চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে বিজিবি দৃঢ় অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে