শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০২:২৮ পিএম
শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদের তীরবর্তী গাবতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুটোর দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় পাঁচ ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাবতলা বাজার সংলগ্ন এলাকায় এলাকার স্থানীয় বাসিন্দারা হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করে। আশপাশের মানুষ নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অনেক চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে রাত চারটার দিকে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন- নয়ন শেখ, শামীম হাওলাদার, আলম মৃধা, আসাদুল ও হাফিজ বেগম। তারা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে