দীর্ঘ ৯ঘণ্টা পর বেলা ৩টার দিকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি’র রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী একটি মালবাহী ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ট্রেন স্টেশনে প্রবেশের আগ মুহুর্তে টেনটি লাইন চ্যুত হয়। এ সময় ৩টি বগি লাইন থেকে ছিটকে পড়ে । ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উভয় প্রান্তে ৭টি যাত্রীবাহী ট্রেন আটকে যায়। এতে শত শত যাত্রী চরম ভোগাস্তিতে পড়ে। সাবদারপুর স্টেশন মাষ্টার গোলাম রসুল জানান, খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছায়। তার পরপরই কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত তিনটি বগি সরিয়ে ফেলা হয়। বেলা ৩টার দিকে রেললাইন মেরামত ও উদ্ধার কাজ শেষ হলে খুলনার সাথে ঢাকা, রাজশাহী ও চিলাহাটির রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে ৭টি যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীসহ শত শত মানুষকে বিভিন্ন স্টেশন ও ট্রেনের ভেতরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেকেই বিকল্প যানবাহনের সন্ধানে স্টেশন ত্যাগ করেন, আবার অনেকে প্রচণ্ড গরম ও অনিশ্চয়তার মধ্যে ভোগান্তির শিকার হন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, একই স্থানে গত ২২জুন আরেকটি মালবাহী ট্রেন লাইন চ্যুত হয়েছিল। বারবার একই জায়গায় ট্রেন লাইনচ্যুেতর ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।