বিষ দিয়ে মাছ শিকার ও শুঁটকি তৈরি

সুন্দরবনে বন বিভাগের অভিযানে নৌকা, জাল ও সরঞ্জাম জব্দ

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম
সুন্দরবনে বন বিভাগের অভিযানে নৌকা, জাল ও সরঞ্জাম জব্দ

সরকার ঘোষিত নিষিদ্ধ মৌসুমেও সুন্দরবনের অভ্যন্তরে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং অবৈধভাবে শুঁটকি তৈরির ঘটনা ধরা পড়েছে। শুক্রবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা নদীর অফিস খালের সাইট খাল এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগ দুটি নৌকা, টানাজাল, চিংড়ি শুঁটকি এবং অবৈধ কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। একই সঙ্গে শুঁটকি তৈরির অস্থায়ী আস্তানাও ধ্বংস করা হয়। অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা বনের ভেতরে পালিয়ে যায়। চরাপুটিয়া টহল ফাঁড়ির চৌকস ফরেস্টার আসাদুজ্জামান জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, একটি অসাধু চক্র চলমান তিন মাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বনের ভেতরে প্রবেশ করে নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল এবং সেখানে শুঁটকি তৈরি করছিল। অভিযানে পাঁচ কেজি চিংড়ি শুঁটকি, দুটি ডিঙি নৌকা, মাছ অবশ করতে ব্যবহৃত চারটি বিষের বোতল এবং শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুন্দরবনে সব ধরনের প্রবেশ ও মাছ শিকার সরকারিভাবে নিষিদ্ধ থাকে। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য বনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা। বন বিভাগের মতে, বিষ প্রয়োগ করে মাছ শিকার শুধু লক্ষ্যবস্তু মাছই নয়, নদী ও খালের সামগ্রিক জলজ পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশকারীরা অবশ্যই বন বিভাগের হাতে ধরা পড়বে। এ ব্যাপারে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে