২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে পোনামাছ অবমুক্তকরণ ও ৪টি প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণও বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সুতিয়া নদী, উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে মৎস্য উপকরণ তুলে দেন ডা. মাহবুবুর রহমান লিটন এমপি। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ প্রমূখ।