শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক আয়োজন

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ০৫:১৪ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৫:১৪ পিএম
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৬ জুলাই)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

পর্যটন শহর কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের উদ্যােগে আয়োজিত এই অনুষ্ঠান আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে শেষ হবে।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ঘোনারপাড়া শ্রীশ্রী রামোদর ইসকন মন্দিরের উদ্যােগে আয়োজিত মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন। এর মধ্যে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোলদিঘীর পাড় চত্ত্বরে ধর্মীয় আলোচনা সভা এবং বিকাল ৪ টায় রথযাত্রার উদ্বোধন হবে। আলোচনা সভায় রাষ্ট্রীয়, প্রশাসনিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

রথের শোভাযাত্রা গোলদিঘীর পাড় থেকে শুরু হয়ে হাসপাতাল সড়ক-আইবিপি মাঠ-প্রধান সড়ক- লালদিঘীর পাড়- হলিডে মোড়-লাবনী মোড়-সার্কিট হাউস রোড-স্টেডিয়াম রোড-হাসপাতাল সড়ক হয়ে রাধা দামোদর মন্দিরে গিয়ে শেষ হবে।

এদিকে রথযাত্রা উৎসবকে নিবির্ঘ্ন এবং অপ্রীতিকর ঘটনা ছাড়া উদযাপনের লক্ষে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। ১৪ জুলাই সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন- অতীতের চেয়ে আরো উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নিবির্ঘ্ন এবং অপ্রীতিকর ঘটনা ছাড়া এই উৎসব সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা অরুপ শর্মা, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কাঞন চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের রুবেল শর্মা, অনাদি গৌড়েশ্বর দাস ব্রহ্মচারী, সুজয় কৃষ্ণচন্দ্র দাস, মদনগোপাল কুঞ্জবিহারি দাস, তরুন তমাল শ্যাম দাস, কমল পাল প্রমুখ। 

শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হবে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবে। মহোৎসব সফল করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।

আপনার জেলার সংবাদ পড়তে