টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচাঁদপুরচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দেয় ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না, সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম'। শিক্ষার্থীদের অভিযোগ,বৈরী পরিবেশের মধ্যে গতকাল পরীক্ষা নেওয়া হয়েছে। তা ছাড়া পরীক্ষার আগে পর্যাপ্ত বন্ধ দেওয়া হয়নি। উল্টো অতীতের চেয়ে এবার প্রশ্নপত্র কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকেরা পরীক্ষা স্থগিতের দাবি জানালেও শিক্ষামন্ত্রী পাত্তা না দিয়ে অযাচিত মন্তব্য করেছেন। এ জন্য তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের দাবি করছেন। এদিকে,নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।