টিকটকে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই টাঙ্গাইলের এক শিক্ষকের স্ত্রী চলে আসেন চাঁদপুরে। শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পুলিশের অভিযানে উদ্ধার হন ওই নারী। ঘটনায় আটক হয় অভিযুক্ত অটোচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদি ইউনিয়নের ইচলি রোড এলাকায় ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস শুরু করেন অটোচালক মোরশেদ আলম দুলাল। অভিযোগ রয়েছে, টিকটকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে তিনি ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসেন। আরও অভিযোগ, ওই নারীর গলার প্রায় এক লাখ টাকার স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেন দুলাল। এছাড়া এলাকাবাসীর দাবি, এর আগেও তিনি টিকটক ও ফেসবুকের মাধ্যমে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে চাঁদপুরে এনে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে আলোচনায় ছিলেন।
এদিকে, স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদি এলাকা থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে টাঙ্গাইল থেকে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা চাঁদপুরে এসে নারীকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
পুলিশ জানায়, নিখোঁজ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই নারীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর অভিযুক্ত যুবককে তাঁর বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনায় মামলা হলে তাঁকে আবার আটক করে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।