ট্রাফিক পুলিশের পোশাক বা পরিচয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়-এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চাঁদপুরে। শেষ পর্যন্ত সিএনজি ও অটোরিকশা চালকদের তৎপরতায় ধরা পড়ে এক ভুয়া ট্রাফিক পুলিশ।
আটক ব্যক্তির নাম সুমন গাজী। তাঁর বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরের পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করতেন। ঘটনার দিন মঙ্গলবার তিনি প্রথমে নিজেকে ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। পরে নিরাপদ সড়কের সদস্য বলেও দাবি করেন। তবে টাকা নেওয়ার সময় চালকদের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করে। পরীক্ষায় তিনি মাদকসেবী বলে প্রমাণিত হন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকায় তিনি মাদক সেবন করতেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে অবৈধভাবে টাকা দাবি করে, তাহলে পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত পুলিশকে জানানো উচিত।