বাঘায় ইউএনও শাম্মী আক্তার বদলি

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০১:৫০ পিএম
বাঘায় ইউএনও শাম্মী আক্তার বদলি

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারকে বদলি করা হয়েছে। তাকে নওগাঁ জেলার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শাম্মী আক্তার বর্তমানে বাঘা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। জনস্বার্থে তাকে বাঘা উপজেলা থেকে বদলি করে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নবনিযুক্ত কর্মস্থলে যোগদানের পর তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অনতিবিলম্বে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কে যোগদান করবেন, সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, বাঘা উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে শনিবার থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু করা হয়। এই পরীক্ষার তালিকা প্রকাশে ইউএনও শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে অভিযোগ উঠে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারী উপজেলা চত্বরে ঘুসখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দূর্নীতি মানিনা মানবো না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দেন।

আপনার জেলার সংবাদ পড়তে