জিয়ানগরে স্কুলভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০৩:৫১ পিএম
জিয়ানগরে স্কুলভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতার  অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদিআমিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কালাম শিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআর বিভাগের সহকারী প্রোগ্রাম অফিসার অভিজিৎ বিশ্বাস এবং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন মামুন, নাসির উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিদ্যালয়কে অধিক প্রস্তুত করে তোলার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন নিরাপদ আশ্রয় গ্রহণ, আগাম সতর্কবার্তা অনুসরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জরুরি সাড়া প্রদান এবং বিদ্যালয়ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করে বিদ্যালয়ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন সময়ের দাবি। এ ধরনের কর্মশালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে