বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, উপজেলায় এখন প্রচুর সবজি উৎপদন হয়। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সবজি পঁচে যাওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে। কৃষক সুবিধাজনক এসব পণ্য বিক্রি করতে পারবে এবং কৃষকের ক্ষতি কমাবে। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কেবল ফসল সংরক্ষণ নয়, বরং বর্তমান সরকারের কৃষি অর্থনীতিতে স্থিতিশীলতা আনার এক যুগান্তকারী পদক্ষেপ।
তিনি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার দুদামিয়া বাড়ি এলাকায় লক্ষ্ণীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবর রহমানসহ অন্যান্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শিরাজ উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্তাজা আল আমিন। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষিপণ্য সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা কৃষি বিভাগ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করে। কনটেইনার মডেলের এই মিনি কোল্ড স্টোরেজ সৌর বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চলবে।