বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের কৃষি কার্যক্রমে দ্রুত ফিরিয়ে আনতে রাউজানে আমন ধানের বীজ ও বীজতলার চারা বিতরণ প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাউজান কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুম কবির। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের মাঝে আমন ধানের উন্নতমানের বীজ এবং বীজতলার চারা বিতরণ করা হয়, যাতে তারা দ্রুত কৃষিকাজ পুনরায় শুরু করতে পারেন এবং আসন্ন আমন মৌসুমে উৎপাদন স্বাভাবিক রাখতে সক্ষম হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল (উন্নয়ন শাখা), বিশেষ অতিথি ছিলেন ইমরান হোসেন এবং মোহাম্মদ নাজিম উদ্দীন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সহায়ক হবে।