রাজারহাটে একতা বাজারের প্রবেশপথে সড়ক ধস, দূর্ঘটনার শঙ্কা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম
রাজারহাটে একতা বাজারের প্রবেশপথে সড়ক ধস, দূর্ঘটনার শঙ্কা

কুড়িগ্রামের রাজারহাটে কয়েক দিসেন ভারি বর্ষণে ছিনাই ইউনিয়নের একতা বাজারের প্রধান প্রবেশপথে প্রায় ৩০ মিটার পাকা সড়ক ধসে পড়েছে। এতে অটোরিকশা তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, একতা বাজারটি কালুয়া, কিং ছিনাই, জয়কুমর, চতূর্ভুজ, বুদারু, বিদ্যাবাগিশ, ছিনাইহাটসহ কুড়িগ্রাম ও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাজারো মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার অন্যতম কেন্দ্র। প্রতিদিন অসংখ্য ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও প্রবেশপথের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ব্যবসায়ীদের।

জয়কুমর এলাকার আব্দুর সালাম ও ইব্রাহিম, কিং ছিনাই এলাকার বাবলু কাদের ও মানিক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটিতে সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাদের দাবি, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগ নিচ্ছে না। একই সঙ্গে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা জানান, নিজেদের উদ্যোগে এবং এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে একাধিকবার সড়কটি মেরামতের চেষ্টা করা হয়েছে। কিন্তু টেকসই সংস্কার না হওয়ায় কিছুদিনের মধ্যেই আবার ধসে পড়ে। এদিকে স্থানীয় বাসিন্দা এরশাদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের আগে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পর আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধানে এগিয়ে আসেননি।’ এ বিষয়ে ইউপি সদস্য খালিদ হাসান বলেন, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকায় এলজিইডি আমলে নিচ্ছে না।  যার কারণে পথচারীরা দূর্ভোগের শিকার হচ্ছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে