ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর কমিটি গঠিত হয়েছে। ওই নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং জ্ঞানচর্চা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই রাজধানীর বকশী বাজারস্থ হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, প্রকাশনা, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর পরীক্ষা নিয়ন্ত্রক ডাঃ সরদার মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক আ.খ.মাহবুবুর রহমান সাকী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাকীম ডাঃ মো. রুহুল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় ২০২৬-২০২৯ মেয়াদের ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্বভার গ্রহণের ঘোষণা প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে অধ্যাপক আ.খ.মাহবুবুর রহমান সাকী সভাপতি এবং হাকীম ডাঃ মো. রুহুল আমিন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মো. কামরুল ইসলাম নাবাবতী, হাকীম ডাঃ আব্দুল গনি ও হাকীম মুস্তাফিজুর রহমান সবুজ। এছাড়াও বক্তব্য দেন হাকীম শাহ আলম ভূঁইয়া, ডাঃ জাহিদুর রহমান, ডাঃ গোলাম আজম খান, হাকীম ইয়াহিয়া মুন্না, হাকীম নুরুজামান, হাকীম নাসির উদ্দিন কবির, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম ইলিয়াস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গবেষণা, মানসম্মত প্রকাশনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ইউনানী চিকিৎসার টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনকে আরও গতিশীল, গবেষণামুখী এবং জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত 'আল-হিজামা' ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন। বক্তারা আশা প্রকাশ করেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, বাংলা ভাষায় মানসম্মত ইউনানী প্রকাশনা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইউনানী চিকিৎসার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে 'আল-হিজামা' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনানী চিকিৎসক,শিক্ষক,গবেষক,শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।