পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে। পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।