রাণীনগরে কোরবানীর গরু কিনতে এসে খোয়া গেল ১ লাখ টাকা

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০৭:২১ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:২১ পিএম
রাণীনগরে কোরবানীর গরু কিনতে এসে খোয়া গেল ১ লাখ টাকা

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে কোরবানীর গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা খোয়া গেছে। বুধবার বেলা ১১টায় এঘটনা ঘটে। এঘটনায় চরম বিপাকে পরেছেন ক্রেতা নুরুজ্জামান (৪২)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে।

নুরুজ্জামান জানান,৫জন মিলে একটি গরু কোরবানী দেয়ার সিদ্ধান্ত নিয়ে অংশিদাররাসহ আবাদপুকুর হাটে আসি গরু কিনতে। বেলা ১১টা নাগাদ হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে একলাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সাথে সাথে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এঘটনায় কাউকে সনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। তিনি বলেন, কোরবানী কিনার টাকা চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পরেছি।

আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশিদার হাজের আলী জানান,প্যান্টের পকেট থেকে একলাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছে। কিন্তু টাকা উদ্ধারের কোন সুরাহা করা যায়নি। তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেন-দেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুরহাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কি করার আছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,টাকা চুরির ঘটনাটি শুনেছি তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

আপনার জেলার সংবাদ পড়তে