রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট বাগমারা উন্নয়ন কমিটি ঘোষণা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল বারী সরদার। বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।
মতবিনিময় সভায় এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, “বাগমারার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হলেও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে কমিটির সদস্য সংখ্যা পরিবর্ধন বা পরিমার্জন করা হতে পারে। বাগমারার উন্নয়নকে টেকসই ও অংশগ্রহণমূলক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি বলেন, উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিকের পাশাপাশি বাস্তব সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলোও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা বাগমারার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, সাবেক সেক্রেটারি ও জেলা ইউনিট সদস্য অধ্যাপক ওহিদুল ইসলাম, সংসদ সদস্যের পিএ শাহিন আলম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে বাগমারার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।