জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, গণভোটের রায় আধাআধি নয়, সরকারকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে হবে। আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় আয়োজিত জুলাই পথযাত্রার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি। আখতার হোসেন এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হযেছিল। সে সময় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে ১৭ বছর ধরে ফ্যাসিবাদ চাপিয়ে দিলেন। বর্তমান যে ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেটি আমাদের জন্য অসুবিধা। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সাবেক বিচারপতিরা। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন ফর্মুলা তৈরি করতে হবে। সেটি জুলাই সনদের মধ্যে বলা আছে। বর্তমান বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা মানে, নতুন ফর্মুলা মানতে চায় না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে বাংলাদেশে মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুইটা ভোট দিয়েছি। সরকার গঠনের ভোট আর গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহবায়ক ড. আতিক রহমান মুজাহিদ এমপি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, ফুলবাড়ী শাখার এনসিপি’র যুগ্ম আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী শিহাব হোসেন প্রমুখ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওমামী লীগের ১৭ বছরের বিডিআর পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা, ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী আন্দোলনকারীদের হত্যা-নির্যাতনসহ ২০২৪ জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে গণরোষের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মধ্য আধিপত্যবাদ বহাল করতে চায়, তাহলে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে, বর্ষায় ছেড়ে দিয়ে মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনোদিন আমাদের প্রতিবেশী হতে পারে না।
এ সময় তিনি উপজেলা প্রার্থী এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ ও পৌরসভা মেয়র প্রার্থী শিহাব হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিযে দিয়ে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী দেশের ১৪০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ। এই দেশে ফ্যাসিবাদি হয়েছিল এখনো ফ্যাসিবাদি হামলা চলছে। এটি অব্যাহত থাকলে আপনাদের সাথে আগামী দিনে আমাদের শক্ত লড়াই হবে ইনশাআল্লাহ! বর্তমান তরুণ-তরুণী সবার বুকে আছে ওসমান হাদীর আগামীর স্বপ্ন, সবার বুকে আছে ওসমান হাদির বিশ্বাসের স্বপ্ন। তাই আগামীতে যে লড়াই হবে, সেটি হবে জুলাই সনদ ও গণভোট অমান্য কারীদের বিরুদ্ধে, ১৪০০ ছাত্র-জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের সুযোগ এসেছে, যারা সংস্কার থেকে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে তাদেরকে প্রত্যাখান করার। জুলাই পথযাত্রার সমাবেশে এনসিপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।