চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বৃহস্পতিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁদের নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, সুশাসন ও একাডেমিক অগ্রগতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল, সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া, সিনিয়র সহ-সভাপতি ফাহিম হোসেন, সহ-সভাপতি মো. এরশাদ সরকার, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ এবং প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।