কুমিল্লার হোমনায় দেওয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার তিনি আহত শিক্ষার্থী নুসরাত জাহান, তানিশা ও ইশানার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে ত্রিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছি। তবে তাদের দ্রুত সুস্থতা ও ক্লাসে ফেরার প্রত্যাশা ব্যক্ত করে তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সুদৃষ্টি থাকবে বলে জানান। উল্লেখ্য, গত ২০ জুলাই তারিখে স্বুল ছুটির পর রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় একটি পুরোনো বাড়ির সীমানা দেওয়াল ধসে এই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।