নাতিকে বাঁচাতে গিয়ে দাদা মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম
নাতিকে বাঁচাতে গিয়ে দাদা মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে নাতি রানা (২০) কে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দাদা নবী হোসেন (৭৫) মৃত্যুর ঘটনায় পাগলা থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতেই নিহতের ছেলে হাইদুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় এ মামলাটি দায়ের করেন (মামলা নং -০৭, তারিখ-২৭/০৭/২৬)। মামলায় ১৫ জনকে চিহ্নিত এবং ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে এ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোঃ রামিন (২২) কে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামিদের গ্রেফতারের জোর অভিযান চলছে বলে জানান ওসি মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত মোঃ রামিন একই ইউনিয়নের হরিপুর হাটপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

অপরদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অধিকাংশ আসামি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। মামলায় এজাহার, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) রাত আটটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামের শারফুলের ছেলে রানাকে এক মাস আগে একই গ্রামের রবিনের মোবাইল চুরি অভিযোগে স্থানীয় যুবকরা বাড়ি থেকে তুলে আনে। পরে হাটপাড়া বাদল মার্কেটের সামনে একটি পিলারে রানাকে বেঁধে রেখে যুবকরা মারধর শুরু করেন। খবর পেয়ে বৃদ্ধ দাদা নবী হোসেন সেখানে গিয়ে নাতিকে বাঁচাতে চাইলে নবী হোসেনকেও লোহার রড দিয়ে আঘাত সহ কিল-ঘুষি দেয় যুবকরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা রাতেই নবী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভে সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে