গফরগাঁওয়ে মাছ চাষীকে কুপিয়ে হত্যা ঘটনায় মূল আসামি গ্রেফতার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৬:২৩ পিএম
গফরগাঁওয়ে মাছ চাষীকে কুপিয়ে হত্যা ঘটনায় মূল আসামি গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে মাছ চাষী মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) কে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে নিহতের বাবা মোজাম্মেল হক বাদী হয়ে গফরগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। এদিকে এ হত্যার ঘটনায় মূল আসামি তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩২) কে গ্রেফতার করা হয়েছে  বলে জানান এসআই নূরুল ইসলাম।

গ্রেফতারকৃত তপন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে পরকীয়া বিরোধের জেরে মাছ চাষী মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলকে গত রোববার রাতে বাড়ি থেকে মোবাইলে ফিসারী সামনে ডেকে নিয়ে তপন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (২৭ জুলাই) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেল মারা যান। গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মূল আসামি তপনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে