চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা আগামী ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বিকেল ৪:০০টায় শহরের নতুন বাজার এলাকার কদমতলাস্থ 'পৌর মাল্টিপারপাস হল'-এ উৎসবমুখর পরিবেশে এই বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। পৌরসভা সূত্রে জানা গেছে, বাজেট ঘোষণাকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যে আসন্ন বছরের উন্নয়ন পরিকল্পনা ও আয়-ব্যয়ের খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হবে। চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন পৌর এলাকার নাগরিক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উক্ত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।