সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।
সামাজিক সংগঠন 'বিজয়ী'-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যান কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
মো: এমরান হোসাইন, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে আয়োজক ও ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, "মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।"
তিনি আরও বলেন, "স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।