তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাং এর মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে জনসচেতনতামূলক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র্যাব-৮ (বরিশাল) মিটিং এর আয়োজন করে। অনুষ্ঠানে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, কোমপানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং র্যাব-৮ এর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান। সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করে।